ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরীকে রংপুর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

দে
আসিফ জামান
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪
ঠাকুরগাঁওয়ে অপহৃত কিশোরীকে রংপুর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে অপহৃত নবম শ্রেণির এক কিশোরীকে রংপুরের মিঠাপুকুর থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় অপহরণ মামলার প্রধান আসামি সাইদুর রহমানকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) এসআরবি-১৩-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রংপুর জেলার মিঠাপুকুর থানার শেকুরপাতী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।


গ্রেপ্তার সাইদুর রহমান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের তৈয়ব আলীর ছেলে।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী কিশোরী বালিয়াডাঙ্গী উপজেলার স্থানীয় চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বয়স ১৫ বছর। অভিযোগ অনুযায়ী, স্কুলে যাতায়াতের সময় সাইদুর রহমান তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি কিশোরী তার পরিবারকে জানালে তার বাবা অভিযুক্তকে একাধিকবার সতর্ক করেন। তবে এরপরও অভিযুক্ত তার কর্মকাণ্ড অব্যাহত রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২০ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে কিশোরী তার খালুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে অপহরণের শিকার হয়। এ সময় সাইদুর রহমান ও অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজন সহযোগী মিলে তাকে জোরপূর্বক একটি সাদা মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।


এ ঘটনায় কিশোরীর বাবা জহিরুল ইসলাম (৫০) বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় মামলা দায়ের করেন।


এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের সিপিসি-১-এর একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধার করে।


পরে উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য