শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং আশুলিয়ায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠন দুটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মসূচি থেকে আশুলিয়ার শারমিন গ্রুপ-সংশ্লিষ্ট শ্রমিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের আইনানুগ বিচারের আওতায় আনা এবং দেশের সব পোশাক কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া সভাপতি মাসুদ রানা সুলতানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের পোশাকশিল্পের অগ্রগতিতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই শ্রমিকদের জীবনের নিরাপত্তা, কর্মক্ষেত্রে মর্যাদা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। কর্মক্ষেত্রে সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কারখানা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দেশের সব পোশাক কারখানায় শ্রমিকবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।