নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া সুলতানা চাকরিতে যোগ দেন ২০০১ সালের জুলাইয়ে। এরপর পেরিয়ে গেছে ২৩ বছর ৭ মাস। অথচ এই দীর্ঘ কর্মজীবনের ৯ বছর ৭ মাসের বেশি সময় কেটেছে তার ছুটিতে। তবে কর্মদিবস ধরে হিসাব করলে প্রায় ১৮ বছরই ছিলেন বিদ্যালয়ের বাইরে। কখনো চিকিৎসা, কখনো প্রশিক্ষণ, কখনো বিনা বেতন, কখনো অর্ধবেতন, আবার কখনো মাতৃত্বকালীন ছুটি—নানা অজুহাতে ক্লাসে অনুপস্থিত ছিলেন তিনি।
ছুটির হিসাব নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। ছুটি কাটালেও ক্ষমতার প্রভাব খাটিয়ে ২ হাজার ১৯৬ দিনের অর্থাৎ ছয় বছরের তথ্য সার্ভিস বইয়ে অন্তর্ভুক্ত হতে দেননি। এমনকি ছুটি মঞ্জুর না করায় সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে নিজের ক্ষমতাধর বাবাকে দিয়ে হেনস্তা করেছেন। তার এ ঔদ্ধত্যপূর্ণ আচরণে শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অনেকেই ভয়ে তটস্থ থাকতেন।
খোদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন, ওই শিক্ষিকার সার্ভিস বই ও বিদ্যালয়ের উপস্থিতির হাজিরা খাতার তথ্য বিশ্লেষণ করে মিলেছে এমন ভয়ংকর তথ্য। তার এই দীর্ঘ ছুটির কথা শুনে হতবাক সংশ্লিষ্ট অনেকেই। কীভাবে তিনি এত ছুটি পেলেন তা নিয়ে তারা প্রশ্নও তুলেছেন।তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, হরিনারায়ণপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে রাবেয়া সুলতানা যোগদানের পর ২০০১-এর ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩ বছর ৭ মাস কর্মকালে ২৯ দফায় ছুটি ভোগ করেন ৩ হাজার ৪৮৩ দিন। বছর ধরে হিসাব করলে তিনি ৯ বছর ৬ মাস ১৮ দিন তিনি ছুটিতে ছিলেন।
প্রশিক্ষণ, চিকিৎসা, মাতৃত্বকালীন ছুটিসহ নানা অজুহাতে সর্বনিম্ন ১২ দিন থেকে সর্বোচ্চ টানা ২৫১ দিন ছুটি নেওয়ার রেকর্ড রয়েছে তার। অবশ্য অর্ধবেতন ও বিনা বেতনেও ছুটি নিয়েছেন তিনি। তবে শিক্ষাপঞ্জি অনুযায়ী, সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি বাদ দিলে বছরে ১৯৪ দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকে। শিক্ষক রাবেয়া সুলতানার ভোগকৃত ছুটির সঙ্গে কর্মদিবসের তুলনা করলে প্রায় ১৮ বছরই তিনি ছুটিতে ছিলেন।