দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোল সীমান্তে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের নেতৃত্বে মশাল মিছিলটি বেনাপোলের বলফিল্ড মাঠ ও কাস্টমস হাউস এলাকা থেকে শুরু হয়ে বেনাপোল বাজার ও স্থলবন্দরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেকপোস্ট সীমান্ত এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও মো. সালাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার ও মো. আব্দুল আহাদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্যসচিব রাহানুজ্জামান দিপু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহায়মিনুল সাগর, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্যসচিব ইস্তেয়াক আহম্মেদ শাওন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সেলিম হোসেন আশাসহ ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীদের হাতে জ্বলন্ত মশাল দেখা যায়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে বেনাপোল বাজার ও স্থলবন্দর এলাকার সড়কগুলো।
সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। বেনাপোল ও শার্শায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। এলাকার মানুষের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে সাধারণ জনগণকেও সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।