গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণা করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় এক শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) পল্লী বিদ্যুৎ এলাকায় আয়োজিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, গার্মেন্টস শ্রমিক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মজিবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মো. হুমায়ুন কবির খান, শ্রমবিষয়ক সহ-সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং উপদেষ্টা, সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ।
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পের অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। দেশের অর্থনীতিকে সচল রাখতে শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তাই শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা ঘোষণার বিষয়টি শ্রমজীবী মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এ ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত শুভেচ্ছা সমাবেশ থেকে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শ্রমিক-মালিকের সুসম্পর্ক বজায় রাখা এবং শিল্পকারখানায় শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।