“গাহি সাম্যের গান—মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”—এই চিরায়ত বাণী ও স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট; ফারুক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; শরিফুল ইসলাম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; মার্জিয়া খানম, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার); এবং হেলাল উদ্দিন, একাডেমিক সুপারভাইজার।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও দর্শনের ওপর আলোকপাত করেন। তাঁরা নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাম্য, প্রেম ও দ্রোহের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
পরে উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।