কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খাঁন সন্ত্রাসী ও ডাকাতদের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজন মহিলাসহ মোট ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নিজ এলাকায় অবস্থানকালে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন সাকিব হাসান খাঁন। হামলাকারীরা অতর্কিতভাবে আক্রমণ চালালে তিনি গুরুতর আহত হন। হামলায় আরও কয়েকজন আহত হন, যাদের মধ্যে একজন নারীও রয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে, একজন দায়িত্বশীল, সৎ ও নিষ্ঠাবান প্রশাসনিক কর্মকর্তার ওপর এ ধরনের হামলার ঘটনায় বিভিন্ন মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তির ওপর আঘাত নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসন ও আইনের শাসনের ওপরও আঘাত। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন