টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডভর্তি যাত্রীবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৬টার দিকে যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান।
তিনি জানান, রডবোঝাই একটি ট্রাকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল গাড়িটি। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বহু হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিস, যমুনা সেতু পূর্ব থানা পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি জানান, দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম তদারকি করেন। পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন