বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর সদস্যবাহী একটি ট্রেনকে লক্ষ্য করে ভয়াবহ গাড়ি বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছেন। হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
রোববার (২৪ মে) প্রকাশিত NDTV–এর এক প্রতিবেদনে বলা হয়, কোয়েটা-চমন রুটে একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি সৈন্যবাহী ট্রেনের বগিতে আঘাত হানলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
অন্যদিকে Agence France-Presse জানিয়েছে, ট্রেনে থাকা হতাহতদের মধ্যে পেশোয়ারগামী সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। তারা আসন্ন ঈদের ছুটি উদযাপনের উদ্দেশ্যে ভ্রমণ করছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।
এদিকে আহতদের দ্রুত উদ্ধার করে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। পুরো এলাকা ঘিরে রাখে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। হামলার পর এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান কর্তৃপক্ষ।
মন্তব্য করুন