ঈদযাত্রা নির্বিঘ্ন ও কোরবানির পশুর হাটকেন্দ্রিক যানজট নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশ (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) মহাসড়কে ছয় দিন ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এ তথ্য জানান।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ঈদ উপলক্ষে ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে।
ডিএমপি জানায়, ঈদের সময় বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়েন এবং একই সময়ে অনেক মানুষ ঢাকায় প্রবেশ করেন। এ পরিস্থিতিতে যানজট নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে পশুবাহী যান, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন।
এছাড়া ঈদযাত্রা স্বাভাবিক রাখতে আন্তঃজেলা বাস চলাচলেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামা নিষিদ্ধ করা হয়েছে এবং রুট পারমিট ছাড়া বাস চলাচল করতে পারবে না বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন