বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা রিফাত রশিদের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে লাকসামে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে হিরু-হুমায়ুন ফাউন্ডেশন লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের বাইপাস এলাকায় এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা এনসিপি’র ওই নেতার রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এবং কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁকে লাকসামে অবাঞ্ছিত ঘোষণা করেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী ফ্যাসিবাদ সরকারের আমলে বিগত ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম হিরু, পৌরসভা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির পারভেজ এবং পৌরসভা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন একটি অ্যাম্বুলেন্সে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার আলীশ্বর এলাকায় সাদা পোশাকে র্যাব পরিচয়ে একদল বাহিনী তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্সটির গতিরোধ করে থামিয়ে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়। কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে গিয়ে পৌরসভা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিনকে র্যাব একটি গাড়িতে তুলে দেন। কিন্তু হিরু-হুমায়ূনকে তাঁরা নিয়ে যান। সেই থেকে অদ্যবদী বিএনপির ওই দুই নেতার খোঁজ মিলেনি।
হিরু-হুমায়ুন ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গত বুধবার (২০ মে) কুমিল্লা-৪ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ’র আগমন উপলক্ষে লাকসাম (পূর্ব) ইউনিয়নের এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত এক পথসভা অনুষ্ঠিত হয়। ওই পথসভায় জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ’র উপস্থিতিতে এনসিপি নেতা রিফাত রশিদ প্রদত্ত বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালাম সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এনসিপি নেতার ওই বক্তব্যের বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপির দুই শীর্ষ নেতা গুম হয়েছে। স্বজন হারানোর কষ্ট, যন্ত্রণা, প্রতিক্ষার প্রহরগোনা কেমন, তা গুম পরিবারের সদস্যরা এবং বিএনপির নেতা-কর্মীরা জানেন। অন্যরা কি বুঝবে।
এনসিপি’র ওই নেতার মন্তব্যের আলোকে কঠোর সমালোচনা করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘মা’র চেয়ে মাসীর দরদ’ বেশি দেখাচ্ছেন? বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামকে নিয়ে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রদানের জন্য এনসিপি’র ওই নেতাকে তাঁর বক্তব্য প্রত্যাহার এবং কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রদর্শনের দাবি জানান তাঁরা।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও হিরু- হুমায়ুন ফাউন্ডেশনের অন্যতম সদস্য বিশ্বতম সাহা বিশু, মো. রাসেল হোসেন, মো. জুনায়েদ আহমেদ প্রমূখ।
মন্তব্য করুন