রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আজ আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঈদের ছুটির মধ্যেই বিশেষ আদালত গঠন করে ৫ থেকে ৭ দিনের মধ্যে মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সংলাপে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধান আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং সেই বক্তব্যে তার স্ত্রীর সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। পরবর্তীতে তাকেও গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়া গেছে। সব তথ্য-প্রমাণ একত্র করে গত রাতেই চার্জশিট প্রস্তুতের কাজ শেষ হয়েছে এবং আজ আদালতে তা দাখিল করা হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও অপসংস্কৃতির প্রভাব ধর্ষণের মতো অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তবে গত তিন মাসে সংঘটিত ধর্ষণের ঘটনায় কোনো আসামিকেই ছাড় দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এছাড়া অনলাইন ও অফলাইন জুয়া নিয়ন্ত্রণে সরকার নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শিগগিরই এ সংক্রান্ত আইন মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে।
একই অনুষ্ঠানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন।
মন্তব্য করুন