আট বছরের শিশু রামিসা হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। এ মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ৪৭ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেছে পল্লবী থানা পুলিশ।
রোববার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। চার্জশিটে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে।
এর আগে একই দিন সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলাটি পরিচালনার জন্য শনিবার (২৩ মে) বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। তিনি ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করবেন।
গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি দেশজুড়ে তীব্র আলোচনার জন্ম দেয়। পরদিন প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য করুন