রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতের ঘটনাকে কেন্দ্র করে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে মামলা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম শনিবার সকালে জানান, সংঘর্ষে পুলিশের ১০ থেকে ১২ জন সদস্য আহত হয়েছেন এবং বিক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেছে। ঘটনায় অজ্ঞাতনামা হাজারো ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, আসামিদের ধরতে অভিযান চলছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব জানান, বিক্ষুব্ধ জনতা দরবার শরীফে হামলা চালানোর সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের ওপরও আক্রমণ করা হয়। বর্তমানে দরবার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে ধ্বংসস্তূপ দেখতে অনেক মানুষ ভিড় করছেন।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর নুরাল পাগলের দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হন এবং দুই পক্ষের শতাধিক মানুষ আহত হন। হামলাকারীরা পরে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয়।
মন্তব্য করুন