ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামির ছবি বিকৃতভাবে ফেসবুকে পোস্ট করার অভিযোগে দায়ের করা মামলাটির তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ মঙ্গলবার (৪ নভেম্বর) মামলার এজাহার গ্রহণের পর ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
মামলা ভুক্তভোগী মোনামি সোমবার শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, তার ছবি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিকৃতভাবে প্রচার করা হয়েছে, যা তার সম্মানহানি করেছে এবং মানসিক কষ্ট দিয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন—সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং জনৈক আশফাক হোসাইন ইভান। মামলায় বলা হয়েছে, বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত মোনামির ছবি এডিট করে অবমাননাকর ও কুরুচিপূর্ণভাবে পোস্ট করা হয়েছে। ঘটনার সময় ভুক্তভোগী নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসকক্ষে অবস্থান করছিলেন এবং ২ নভেম্বর সকাল ১১:২৫ মিনিটে বিষয়টি লক্ষ্য করেন।