মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।
রোববার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করে।
সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, শিক্ষা এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি চীন সফরে যাবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এ সফরেও দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারি সূত্র জানিয়েছে, মালয়েশিয়া ও চীন সফর শেষে আগামী শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে এই দুই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরকে সামনে রেখে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সফরের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সফর দুটিকে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হওয়ায় দেশ-বিদেশের কূটনৈতিক মহলে সফরটি বিশেষভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে এই সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
মন্তব্য করুন