রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৯
রাজা হারাল্ডের মৃত্যুতে শোকাহত নরওয়ে, সিংহাসনে হাকন অষ্টম

নরওয়ের জনপ্রিয় রাজা হারাল্ড পঞ্চম মারা গেছেন। ৩৫ বছর সিংহাসনে থাকার পর শুক্রবার ভোরে ৮৯ বছর বয়সে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর ছেলে হাকন অষ্টম নরওয়ের নতুন রাজা হিসেবে দায়িত্ব নিয়েছেন।


স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারাল্ড। বিরল ধরনের রক্তের সমস্যার চিকিৎসার জন্য তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।


রাজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী অসলোর রাজপ্রাসাদের সামনে মানুষের ভিড় জমে। ফুল ও জাতীয় পতাকা নিয়ে অনেকে সেখানে শ্রদ্ধা জানাতে আসেন। নরওয়ের সরকারি সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, শেষবারের মতো রাজাকে শ্রদ্ধা জানাতে প্রায় ১০ হাজার মানুষ অসলোর রাস্তায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন।


হাসপাতালের প্রার্থনাকক্ষ থেকে হারাল্ডের কফিন শোভাযাত্রা করে রাজপ্রাসাদে নেওয়া হয়। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর আকরশুস দুর্গ থেকে ২১ বার তোপধ্বনি করা হয়।


৩৫ বছরের শাসনামলে হারাল্ড পঞ্চমকে একজন উদার, সহানুভূতিশীল ও অন্তর্ভুক্তিমূলক রাজা হিসেবে স্মরণ করা হচ্ছে। নরওয়ের রাজপরিবারকে আধুনিক করে তুলতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ তার দীর্ঘদিনের সেবা ও দেশের জন্য তৈরি করা স্থিতিশীলতার কথা স্মরণ করছেন।


নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে নতুন রাজা হাকনের সঙ্গে সাক্ষাৎ করার পর রাজপ্রাসাদের বাইরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকবইয়ে স্বাক্ষর করেন। তিনি বলেন, নরওয়ের মানুষ এখন শোক ও কৃতজ্ঞতায় একত্রিত হয়েছে এবং হারাল্ডের উত্তরাধিকার বেঁচে থাকবে।


বিভিন্ন দেশের রাজপরিবারের সদস্যরাও হারাল্ডের মৃত্যুতে শোক জানিয়েছেন। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসও তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। হারাল্ড ও রানি সোনিয়ার ৫৮তম বিবাহবার্ষিকী শনিবার হওয়ার কথা ছিল।


নরওয়ের সশস্ত্র বাহিনীও প্রয়াত রাজাকে সামরিক সম্মান জানিয়েছে। জাতীয় শোক চলাকালে দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। সাধারণ মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে হারাল্ডের মরদেহ রাজপ্রাসাদের প্রার্থনাকক্ষে রাখা হবে। তার শেষকৃত্যের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।


এদিকে ৫৩ বছর বয়সী হাকন অষ্টম নতুন রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার সরকার ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ রাষ্ট্রীয় পরিষদের বৈঠকে তিনি দায়িত্ব নেন। রাজপরিবারের মূলমন্ত্র ‘নরওয়ের জন্য সবকিছু’ ধারণ করে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন তিনি।


আগামী মঙ্গলবার নরওয়ের পার্লামেন্টে হাকনের শপথ নেওয়ার কথা রয়েছে। এরপর তিনি একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন। তবে দেশটিতে বর্তমানে আনুষ্ঠানিক রাজ্যাভিষেকের প্রথা নেই।


হাকনের ২২ বছর বয়সী মেয়ে ইঙ্গ্রিদ আলেক্সান্দ্রা এখন সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। ১৯৯০ সালে উত্তরাধিকার আইনে পরিবর্তনের পর পরিবারের প্রথম সন্তান ছেলে বা মেয়ে—যেই হোক, সে সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার সুযোগ পায়।


তবে নতুন রাজা দায়িত্ব নেওয়ার সময় নরওয়ের রাজপরিবার নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। পারিবারিক বিভিন্ন বিতর্ক ও সদস্যদের স্বাস্থ্যগত সমস্যার কারণে সাম্প্রতিক সময়ে রাজপরিবার নিয়ে আলোচনা ও সমালোচনা বেড়েছে।


এর মধ্যেই নরওয়ের রাজতন্ত্রের প্রতি জনসমর্থনও কমেছে। চলতি বছরের শুরুতে দেশটির সংবাদপত্র আফতেনপোস্তেনের এক জরিপে রাজতন্ত্রের প্রতি সমর্থন ৫৪ শতাংশে নেমে আসে। ২০২৪ সালে এই হার ছিল ৭২ শতাংশ।


তবে রাজপরিবার নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতে, হাকন নরওয়েতে সম্মানিত ও দায়িত্বশীল একজন ব্যক্তি হিসেবে পরিচিত। পারিবারিক ও রাষ্ট্রীয় নানা চ্যালেঞ্জ সামলে তিনি রাজতন্ত্রের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে পারবেন বলে তারা মনে করছেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য