বিভিন্ন অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভ হয়।
ইসরায়েলি গণমাধ্যমের বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভের প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ ও অভিযোগের নিন্দা জানাতে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি স্থানে জড়ো হন। চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, নাহারিয়া, রোশ পিনা, কারমিয়েল, হাদেরা ও হাইফাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ২০২৩ সালের শুরুতে নেতানিয়াহু সরকার বিচার বিভাগীয় সংস্কারের উদ্যোগ নেয়। এর লক্ষ্য ছিল সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করা এবং বিচারক নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বাড়ানো—এমন অভিযোগ ওঠে। এ উদ্যোগের বিরুদ্ধে সে সময় দেশজুড়ে ব্যাপক বিক্ষোভও হয়েছিল।
এদিকে, গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি দুর্নীতির অভিযোগেও নেতানিয়াহুর বিচার চলছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় ৭৩ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ৫৭৫ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।