নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৩৫টির বেশি বাড়ি ও সেতু

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৪
নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৩৫টির বেশি বাড়ি ও সেতু


নেপালের গোরখা জেলায় আকস্মিক বন্যায় ৩৫টির বেশি বাড়ি ও সেতু ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্পও। রোববার (১১ অক্টোবর) সকালে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এ দুর্যোগের সৃষ্টি হয়।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, গোরখা জেলার চুমনুব্রি এলাকায় বুড়ি গণ্ডকী নদীর পানির উচ্চতা হঠাৎ বেড়ে গেলে আশপাশের এলাকায় বন্যা দেখা দেয়।


নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৬টায় নদীর পানির উচ্চতা ছিল ৩ দশমিক ৬৬ মিটার। সকাল ৮টা ৪০ মিনিটে তা বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৪৩ মিটারে। অথচ নদীটির বিপৎসীমা ৫ মিটার।


কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিট থেকে পরবর্তী মাত্র ১০ মিনিটে পানির উচ্চতা দুই মিটারের বেশি বেড়ে যায়।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নদীতে কাদা ও ধ্বংসাবশেষ মিশ্রিত পানি প্রচণ্ড বেগে প্রবাহিত হতে দেখা গেছে।


দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার স্রোতে পানির উচ্চতা পরিমাপের কেন্দ্র ও সংশ্লিষ্ট সেতু ভেসে যাওয়ায় পরবর্তী সময়ে নদীর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর স্বাভাবিক প্রবাহ কোনো কারণে বাধাগ্রস্ত হয়েছিল। পরে সেই বাধা ভেঙে যাওয়ায় হঠাৎ বিপুল পরিমাণ পানি নেমে আসে। তবে বৃষ্টিপাতের কারণে এ বন্যা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


স্যাটেলাইট চিত্র ও প্রাথমিক তথ্য পর্যালোচনা করে বন্যার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ জন্য বিস্তারিত কারিগরি বিশ্লেষণ চলছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে নদীতীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে নেপাল সরকার। সেনাবাহিনীর সদস্যরা আকাশ ও স্থলপথে দুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।


ভূমিধসের আশঙ্কায় জগৎ এলাকা থেকে ছয়জনকে হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি কাঠমান্ডু থেকে একটি দ্রুত প্রতিক্রিয়া দল দুর্গত এলাকায় পাঠানো হয়েছে।


এর আগে গত আগস্টেও নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। সেই দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার মধ্যেই দেশটির পাহাড়ি অঞ্চলে আবারও বন্যা দেখা দিল।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য