পড়াশোনা শেষ হওয়ার আগেই আফগান মেডিকেল শিক্ষার্থীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৩
পড়াশোনা শেষ হওয়ার আগেই আফগান মেডিকেল শিক্ষার্থীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ


পাকিস্তানে মেডিকেল ও ডেন্টাল বিষয়ে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির চিকিৎসা শিক্ষা নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন করে আফগান শিক্ষার্থী ভর্তি, প্রতিষ্ঠান পরিবর্তন এবং মাইগ্রেশনও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।


পিএমডিসির এই সিদ্ধান্তে পাকিস্তানে পড়াশোনা করা আফগান শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে যারা কয়েক বছর ধরে মেডিকেল শিক্ষার বিভিন্ন পর্যায়ে রয়েছেন, তাঁদের অনেককেই ডিগ্রি শেষ না করেই দেশে ফিরে যেতে হতে পারে।


সরকারি ও বেসরকারি—উভয় ধরনের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই এ নির্দেশনা প্রযোজ্য। গত ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক চিঠিতে পিএমডিসি জানায়, পাকিস্তানে বর্তমানে ভর্তি থাকা আফগান নাগরিকদের আফগানিস্তানে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।


শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার পাশাপাশি তাঁদের দেশে ফেরার প্রক্রিয়ায় সহযোগিতা করতে বলা হয়েছে। একই সঙ্গে আফগান শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য পিএমডিসির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


যেসব শিক্ষার্থী ইতোমধ্যে পড়াশোনা শেষ করেছেন, তাঁদের স্নাতক হওয়ার তথ্য এবং পাকিস্তান ছাড়ার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নথিভুক্ত ও নিশ্চিত করতে বলা হয়েছে।


পিএমডিসির সিদ্ধান্তের বাস্তব প্রভাব এরই মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়তে শুরু করেছে। লাহোরের কিং এডওয়ার্ড মেডিকেল ইউনিভার্সিটিতে (কেইএমইউ) ২২ জন আফগান নাগরিক এ নির্দেশের আওতায় পড়েছেন। তাঁদের মধ্যে ২০ জন এমবিবিএস শিক্ষার্থী। তাঁরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও শেষ বর্ষে পড়ছেন। এর মধ্যে ছয়জন শেষ বর্ষের শিক্ষার্থী। বাকি দুজন সম্প্রতি তাঁদের পড়াশোনা শেষ করেছেন।


ফলে দীর্ঘ সময় পাকিস্তানে থেকে চিকিৎসাশাস্ত্র পড়া শিক্ষার্থীদের একটি অংশ ডিগ্রি অর্জনের আগেই শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেশে ফিরতে বাধ্য হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


এর আগে চলতি মাসেই আফগানিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রিকে পাকিস্তানে নিবন্ধন, লাইসেন্স বা পেশাগত কাজে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় পিএমডিসি। সংস্থাটি জানিয়েছিল, আফগানিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয়ের তালিকায় অন্তর্ভুক্ত নয়।


ফলে সাম্প্রতিক দুই সিদ্ধান্তের কারণে পাকিস্তানে থাকা আফগান মেডিকেল শিক্ষার্থীদের জন্য ভর্তি হওয়া, পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ডিগ্রি অর্জনের পর পেশাগতভাবে কাজ করার ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে।


এদিকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্কের অবনতি হয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ (টিটিপি) বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানে কার্যক্রম চালাচ্ছে। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।


দুই দেশের সীমান্তে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও গোলাগুলির ঘটনাও ঘটেছে। এর প্রভাব পাকিস্তানে অবস্থানরত আফগান নাগরিকদের শিক্ষা, কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনেও পড়ছে।


তবে আফগান মেডিকেল শিক্ষার্থীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়ার নির্দিষ্ট কারণ পিএমডিসি প্রকাশ করেনি। সংস্থাটির চিঠিতে নীতিগত নির্দেশনা ও জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।


সূত্র: আরব নিউজ


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য