জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় অবস্থানরত ইসলামিক বক্তা জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।


শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।


আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের আলোচনায় জাকির নায়েকের বিষয়টি অবশ্যই এসেছে। তবে পারস্পরিক সম্পর্ক ও আস্থা বজায় রাখার স্বার্থে এ ধরনের আলোচনার বিষয়বস্তু প্রকাশ না করাই সমীচীন বলে মনে করে মালয়েশিয়া।


জাকির নায়েককে ভারতের কাছে প্রত্যর্পণের দাবির বিষয়টি মালয়েশিয়া বুঝতে পারছে উল্লেখ করে আনোয়ার বলেন, এ বিষয়ে খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে। একই সঙ্গে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা এবং ভারত-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বও বিবেচনায় রাখতে হবে।


ভারতে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা ও তদন্ত রয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে অবস্থান করছেন। ২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে এবং তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভির কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করার পর তিনি মালয়েশিয়ায় চলে যান। পরে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান।


জাকির নায়েককে দেশে ফেরাতে ভারত দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। তবে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট প্রমাণ এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হলেই এ বিষয়ে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হবে।


এর আগে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির ভারতের অনুরোধও ইন্টারপোল প্রত্যাখ্যান করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে অভিযোগের ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণের ঘাটতির বিষয়টি সামনে আনা হয়েছিল।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য