ভারতে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের খবর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪২
ভারতে ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের খবর



ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটকের খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঘোষিত বিক্ষোভে অংশ নেওয়ার আগে শনিবার (১০ অক্টোবর) গুরুগ্রাম থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।


গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গুরুগ্রামে বাবার সঙ্গে অবস্থান করছিলেন ধ্রুব রাঠি। সেখান থেকে তাঁকে আটক করে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়।


ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ওই কর্মসূচিতে ধ্রুব রাঠির অংশ নেওয়ার কথা ছিল।


তবে বিক্ষোভের অনুমতি না থাকায় আগে থেকেই নিরাপত্তাব্যবস্থা জোরদার করে দিল্লি পুলিশ। যন্তর মন্তরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া এবং কয়েকজনকে আটকের খবর পাওয়া যায়।


দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে প্রায় সাত হাজার মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংযম ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।


বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ আরোপ, কিছু মেট্রো স্টেশন বন্ধ এবং রাজধানীমুখী কয়েকটি ট্রেনের চলাচল বাতিলের খবরও প্রকাশিত হয়েছে।


এ ছাড়া বিক্ষোভে অংশ নিতে পারেন, এমন অন্তত ১০০ ব্যক্তিকে রাতভর অভিযানে আটক করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু। তাঁদের বিরুদ্ধে আগে থেকে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড রয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।


ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভকারীদের দিল্লিমুখী যাত্রা ঠেকাতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রশাসনকে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


ধ্রুব রাঠিকে আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে ককরোচ জনতা পার্টি। দলটি সরকারের সমালোচনা করে তরুণদের প্রতিবাদী কণ্ঠ দমনের অভিযোগ তুলেছে।


তবে ধ্রুব রাঠিকে কোন আইনি প্রক্রিয়ায় আটক করা হয়েছে, তাঁকে কোথায় রাখা হয়েছে এবং কখন মুক্তি দেওয়া হতে পারে, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য