প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। শহীদদের অবদানের কারণেই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, নানা বাস্তবতার কারণে অনেক সময় প্রত্যাশা অনুযায়ী সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হয় না। তবে এ কারণে সরকার তার প্রতিশ্রুতি থেকে পিছিয়ে যাবে না।
তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যারা জীবন দিয়েছেন, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন সময়ে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী।