জামায়াতের তুলনায় আ. লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৫:৩৪
জামায়াতের তুলনায় আ. লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন


জামায়াত গত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যে লুকিয়ে ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। এ কারণে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলা যায় বলেও মন্তব্য করেছেন তিনি।


শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন।


পোস্টে তিনি জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। তাহেরের বক্তব্য ছিল, বিরোধীদলের সঙ্গে সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও এমন আচরণ করেনি।


রাশেদ খাঁন লিখেছেন, তিনি আগেই বলেছিলেন ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করবে। তাহেরের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে বলেও দাবি করেন তিনি।


তিনি আরও লেখেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত লংমার্চের মাধ্যমে দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ আন্দোলনে নামবে জামায়াত। তাহেরের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের মৃত্যু এবং ৩০ হাজার আহত হওয়ার ঘটনা জামায়াতের কাছে গুরুত্বহীন বলেও মন্তব্য করেন তিনি।


১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা ও রক্তপাতের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, সে কারণে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ ‘লঘু’ বলা যায়। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ২০২৪ সালের গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগও যদি জামায়াতের ওপর দমন-পীড়ন না করে থাকে, তাহলে এমন বক্তব্য কীভাবে দেওয়া হয়।


রাশেদ খাঁন আরও দাবি করেন, জামায়াত গত ১৬ বছর আওয়ামী লীগের মধ্যেই লুকিয়ে ছিল। তাই আওয়ামী লীগ তাদের সঙ্গে খারাপ আচরণ করবে কেন—এমন প্রশ্নও তোলেন তিনি।


পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের অপরাধকে ‘স্বাভাবিক’ হিসেবে প্রতিষ্ঠা করতে জামায়াতের নেতারা নতুন রাজনৈতিক বয়ান তৈরি করছেন এবং নাহিদ ইসলাম তা উপভোগ করছেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য