প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি শিশুদের প্রতি বছরে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। একই সময়ে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় দুই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। স্কুলে কিংবা বাড়ির আশপাশে—যেখানেই সুযোগ পাওয়া যায়, সেখানে একটি করে গাছ রোপণ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, গাছের উপকারিতা সম্পর্কেও জানতে হবে। একটি গাছ কতটুকু অক্সিজেন উৎপাদন করে, পরিবেশ ও মানুষের জন্য কীভাবে উপকারী হয়—এসব বিষয়ে ইন্টারনেটসহ বিভিন্ন উৎস থেকে গবেষণা করে জানার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর নতুন একটি গাছ সম্পর্কে জানার মাধ্যমে শিশুদের পরিবেশ বিষয়ে জ্ঞান বাড়বে। স্কুলে লাগানো গাছ বড় হলে তা শিক্ষার্থীদের ছায়া দেবে, বিশ্রামের জায়গা হবে। একইভাবে বাড়িতে লাগানো গাছ বড় হলে শীতল পরিবেশ সৃষ্টি করবে এবং নির্মল বাতাস উপভোগ করা যাবে।
দিনটিকে স্মরণীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজ সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে বিপুল সংখ্যক গাছ রোপণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।