চীনের দালিয়ান শহর থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুরে হাই-স্পিড বুলেট ট্রেনে যাত্রা করে বিকেলে দেশটির রাজধানীতে পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এর আগে একই দিন সকালে চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনটি ছিল ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’-এর অংশ।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও নীতিনির্ধারকেরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।
এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিসহ ১ হাজার ৭০০ জনের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিশ্লেষকদের মতে, গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞতা ও উদ্ভাবনী ধারণা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় সরকারি সফর শেষে সোমবার (২২ জুন) চীনের দালিয়ান শহরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরের বিভিন্ন কর্মসূচি শেষে তার দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন