সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নীতিমালায় নতুন পরিবর্তন এনেছে। এখন থেকে ওমরাহ ভিসা পাওয়ার ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না গেলে বা যাত্রার জন্য নিবন্ধন না করলে সেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
বৃহস্পতিবার সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে জানিয়েছে, পরিবর্তিত নিয়মটি খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে। তবে এতে ভিসার মেয়াদে কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই, সৌদি আরবে প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত ভিসাটি বৈধ থাকবে এবং প্রবেশের দিন থেকেই সময় গণনা শুরু হবে।
এর আগে ওমরাহ ভিসা পাওয়ার পর সৌদি আরবে প্রবেশের নির্দিষ্ট সময়সীমা ছিল না। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে যদি কেউ প্রবেশ না করেন বা যাত্রার জন্য নাম নিবন্ধন না করেন, তাহলে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
সৌদি গেজেট জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য হলো ভিসা ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করা। কারণ, সম্প্রতি ওমরাহ পালন করতে আগ্রহীদের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে।
সৌদি আরবের ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ বাজাঈফা আল আরাবিয়াকে বলেন, “আগামীতে ওমরাহ পালনকারীর সংখ্যা রেকর্ড পরিমাণে বাড়বে। সেই প্রস্তুতির অংশ হিসেবেই নীতিমালায় এই পরিবর্তন আনা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রীষ্ম মৌসুম শেষ হওয়া এবং মক্কা-মদিনার তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ওমরাহযাত্রীদের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নতুন মৌসুম শুরুর পর থেকে, অর্থাৎ জুনের শুরু থেকে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশি মুসল্লিকে ওমরাহ ভিসা দেওয়া হয়েছে। চলতি মৌসুমে আগের বছরের তুলনায় ওমরাহযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে নতুন রেকর্ড গড়েছে।
মন্তব্য করুন