ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানা ৬.৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। আহত হয়েছেন আরও অন্তত ১৪০ জন। দেশটির কর্তৃপক্ষ আশঙ্কা করছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সেন্ট্রাল ভিসায়াসের সেবু প্রদেশের বোগো সিটির উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। প্রবল কম্পনে বহু ভবন ভেঙে পড়ে, শত বছরের পুরনো একটি চার্চও ধসে যায়। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সেবু প্রদেশে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস।
যদিও ভূমিকম্পের পরও দেশের দ্বিতীয় ব্যস্ততম ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সেবু এলাকা। সেখানে উদ্ধার তৎপরতা জোরদার করতে দুর্যোগকালীন অবস্থা ঘোষণা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের অনুরোধে ক্ষতিগ্রস্ত অঞ্চলে খাবার, পানি এবং উদ্ধারকাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি পাঠানো হচ্ছে।
সান রেমিজিওর উপ-মেয়র আলফি রেইনস জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভূমিকম্পে পানি সরবরাহ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় পানির সংকট দেখা দিয়েছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিল। এরপর একাধিক আফটারশক রেকর্ড করা হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৬। তবে ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা তৈরি হয়নি।
মন্তব্য করুন