স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম প্রকাশ করে।
প্রেস ব্রিফিংয়ে কমিটির চেয়ারম্যান সারজিস আলমসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় এনসিপি জানায়, এটি প্রার্থী ঘোষণার প্রথম ধাপ। পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় চেয়ারম্যান ও পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের সময়রেখা প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচন আয়োজন নিয়ে স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা হলে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এদিকে আওয়ামী লীগ ও বিএনপি থেকে এনসিপিতে আসা নেতাকর্মীদের প্রার্থী করা হয়েছে কি না এবং হলে কতজন প্রার্থী রয়েছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, এখানে বিভিন্ন পটভূমির মানুষ রয়েছেন। তিনি উল্লেখ করেন, কারও পূর্ব রাজনৈতিক সংশ্লিষ্টতা বিএনপি-জামায়াতের সঙ্গে ছিল, আবার কেউ কখনো রাজনীতিতেই জড়িত ছিলেন না। পাশাপাশি এমন ব্যক্তিরাও রয়েছেন যারা কয়েক বছর আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে পরবর্তীতে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েন এবং জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেন।
সারজিস আলম বলেন, যাচাই-বাছাইয়ের মাধ্যমে সব রাজনৈতিক দল ও বিভিন্ন পটভূমি থেকে যাদের সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে, তাদেরই প্রার্থী করা হয়েছে।
১১ দলীয় জোট প্রসঙ্গে তিনি জানান, জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল নিয়ে গঠিত জোটের বিষয়ে এখনো স্থানীয় নির্বাচনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার ভাষ্য অনুযায়ী, এনসিপি বর্তমানে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, কারণ সব উপজেলায় ১১ দল মিলে একজন প্রার্থী নির্বাচন করা কঠিন। তবে ভবিষ্যতে জোট গঠনের প্রয়োজন হলে সে বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন