বরিশাল প্রতিনিধি :: বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসায় কর্মরত কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে আজ বুধবার (২৮ মে) সারা দেশে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করবে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। সংগঠনের আহ্বায়ক মো. জিয়া উদ্দিন সরদার (জিয়া শাহিন) এবং সদস্য সচিব মো. সোলায়মান হোসেন প্রামাণিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকার বেসরকারি শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করলেও কর্মচারীদের ক্ষেত্রে কোনো বৃদ্ধি করা হয়নি। এতে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা উপেক্ষিত ও বঞ্চিত বোধ করছেন। পরিষদ এ বৈষম্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
সংগঠনটি আরও জানিয়েছে, কর্মচারীদের উৎসব ভাতা শিক্ষকদের মতো ৭৫ শতাংশে উন্নীত করে সম্মতিপত্র সংশোধন না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
এদিকে, বরিশাল সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির অংশ হিসেবে কর্মসূচি পালিত হচ্ছে। তথ্য সংগ্রহ করতে গিয়ে চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে দেখা যায়, কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
বিদ্যালয়ের কর্মচারী মো. রেজেক হাওলাদার বলেন, “আমরা একই প্রতিষ্ঠানে কাজ করি। শিক্ষকদের উৎসব ভাতা বাড়লেও আমাদেরটি বাড়েনি। আমরা অনেক কম বেতন পাই, অথচ আমাদের সঙ্গে এই বৈষম্য করা হচ্ছে। তাই কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা কর্মবিরতিতে অংশ নিচ্ছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
উল্লেখ্য, গত সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা এক আদেশে জানানো হয়, এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাবেন, যা আগে ছিল ২৫ শতাংশ।
মন্তব্য করুন