ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান নেংড়ির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে আবুল হোসেন (৪৮) এবং বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলওয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)। গুরুতর আহত হয়েছেন নিরব ইসলাম (১৬)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চামেস্বরী এলাকার নুর আলমের ছেলে। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব ইসলাম মোটরসাইকেল চালিয়ে তার মামাতো ভাই অর্ণবকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা আবুল হোসেন সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন।
দ্রুতগতির মোটরসাইকেলটি আবুল হোসেনকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অর্ণব ইসলাম মারা যান।
আহত আবুল হোসেনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক নিরব ইসলামকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার এসআই লিখন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে মোটরসাইকেলের অতিরিক্ত গতিকে দুর্ঘটনার কারণ বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/এসআইএনফুফাতো ভাই।
২