কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে নিহত হয়েছে সিএনজি'র যাত্রী রাশিদুল ইসলাম (৫০)। মুখোমুখি একটি মোটরসাইকেল সোজোরে ধাক্কা দিলে সিএনজি থেকে তিনি ছিটকে পরে ট্রাকের চাকায় পিষ্ট হন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ভোড়ামারার ১২ মাইল গোল চত্বরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। সে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নতুন আমদহ গ্রামের ছোয়াদ আলী মন্ডলের পুত্র।
প্রত্যক্ষদশী সূত্র জানায়, ট্রাকটি লালনশাহ ব্রিজের দিক থেকে কুষ্টিয়ায় যাওয়ার পথে অপর দিকে ভেড়ামারা থেকে সিএনজি এসে কুষ্টিয়ার রাস্তায় উঠছিলো। আর একটি দ্রতগামী মোটরসাইকেল কুষ্টিয়া থেকে ১২ মাইল মোড়ের দিকে আসতে ছিলো। প্রথমে সিএনজি আর মোটরসাইকেলের দূর্ঘটনায় পতিত হন। মোটরসাইকেলের আঘাতে সিএনজির ভিতরের সীটে বসে থাকা যাত্রী রাশিদুল ইসলাম মেইন রাস্তায় ছিটকে পড়েন। এ সময় দ্রুতগামী ঘাতক ট্রাক তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই নিহত হন রাশিদুল ইসলাম। এসময় সিএনজির ২ যাত্রী গুরুতর আহত হন। আহতদের ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মিজানুর রহমান জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসাপাতালে আনা হলে মৃত অবস্থায় পায় রাশিদুল ইসলামকে। পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া মর্গে প্রেরণ করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান জানিয়েছেন, ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।