সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ অবস্থায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড়ের সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিওআই) আহসানুর রহমান জানান, লাইনচ্যুত ট্রেন উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর লাইন সচল করার কাজ শুরু হবে।