উজিরপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত

দে
উজিরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১
উজিরপুরে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত



বরিশালের উজিরপুরে সুরভী পরিবহনের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের কবির ঢালীর ছেলে সৌরভ ঢালী (১৪), একই গ্রামের তাওহীদ ইসলাম (১৩) এবং পাশের ধামসর গ্রামের মনির হোসেনের ছেলে মোস্তাকিন (১৪)। তারা তিনজনই আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। আটিপাড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী সুরভী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাসটি আটক করলেও চালক ও বাসের স্টাফরা পালিয়ে যায়।


দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।


উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন জানান, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য