চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে। একটি স্ক্র্যাপ এলএনজি জাহাজের ট্যাংক থেকে গ্যাস লিকেজের পর এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ইয়ার্ড ম্যানেজার মোহাম্মদ ইউসুফ হতাহতের বিষয়টি স্বীকার করেছেন। তবে তার দাবি, শুক্রবার ইয়ার্ড বন্ধ থাকায় গ্যাস লিকেজের খবর শুনে স্থানীয় কিছু লোক কৌতূহলবশত জাহাজের কাছে গেলে জমে থাকা গ্যাসে কয়েকজনের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। তবে হতাহতদের সঠিক সংখ্যা ও পরিচয় তিনি নিশ্চিত করতে পারেননি।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে ঘটনাস্থলে না গিয়ে তিনি এর বেশি নিশ্চিতভাবে বলতে পারছেন না। তদন্ত ছাড়া কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটিও নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান তিনি।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল মামুন জানান, শিপইয়ার্ডে মরদেহ উদ্ধারের কাজ চলছে।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর কথা জানা গেছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ঘটনার পর স্থানীয় শতাধিক বিক্ষুব্ধ ব্যক্তি শিপইয়ার্ডে গিয়ে ভাঙচুর চালিয়েছে বলে ইয়ার্ড কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় সুযোগসন্ধানীরা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে।