বগুড়া ও সিলেটে সড়কে ঝরল ১৫ প্রাণ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ০৫:৩৭
বগুড়া ও সিলেটে সড়কে ঝরল ১৫ প্রাণ


বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় সাতজন এবং সিলেটে আটজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।


শুক্রবার (৭ আগস্ট) ভোর থেকে সকাল ৭টার মধ্যে পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।


### বগুড়ায় বাসচাপায় নিহত ৭


ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে কয়েকজন দিনমজুর ও কৃষিশ্রমিক অবস্থান করছিলেন। বাসটি তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।


পরে গুরুতর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।


নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—গাইবান্ধার আমিরুল, নূর আলম, বেলাল এবং জয়পুরহাটের তাজমুল।


বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি সড়কের পাশে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের চাপা দেয়।


হাসপাতাল সূত্র জানিয়েছে, একজনের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। অন্য তিনজনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।


### সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৮


সকাল ৭টা ১০ মিনিটের দিকে সিলেটের ওসমানীনগরে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।


এতে ঘটনাস্থলেই বাসটির আট যাত্রীর মৃত্যু হয়।


দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান।


ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন।


নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য