রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারানো বাসটি হাসপাতালের মূল প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি করে।
দুর্ঘটনায় বাসটির ধাক্কায় হাসপাতালের প্রধান ফটকের পাশের গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালও ভেঙে যায়। এতে হাসপাতাল এলাকায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়।
আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের পরিচয় ও আহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ এবং বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারায়, তা তদন্ত করে দেখা হচ্ছে।