বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর এবারের পর্ব ধারণ করা হয়েছে নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে। জেলার শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত হয়েছে অনুষ্ঠানের মঞ্চ, যা ঐতিহাসিক দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানকে ঘিরে লক্ষ্মীপুরজুড়ে ছিল উৎসবের আবহ। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় এক মিলনমেলায়।
এবারের পর্বে দর্শকরা উপভোগ করবেন লক্ষ্মীপুরের কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের পরিবেশনায় বিশেষ গান, জেলার ঐতিহ্য তুলে ধরা নৃত্যগীত, জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামানের অংশগ্রহণ এবং এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার।
এ ছাড়া লক্ষ্মীপুরের ইতিহাস-ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এক জেলের জীবনসংগ্রাম নিয়ে বিশেষ প্রতিবেদন, বিদেশি পর্ব, কাশেম টিভি, দর্শকদের চিঠিপত্র এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক নাট্যাংশও থাকছে এবারের আয়োজনে।
জনপ্রিয় এই অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশনের প্রযোজনায় নির্মিত ‘ইত্যাদি’ আগামী ৩১ জুলাই (শুক্রবার) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে।