রাজনীতিবিদদের ভুল তুলে ধরে সঠিক পথ দেখানো সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল

রাজনীতিবিদদের ভুল তুলে ধরে সঠিক পথ দেখানো সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো সাংবাদিকদের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, সাংবাদিকদের সবসময় সত্যের পক্ষে থাকতে হবে এবং সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস থাকতে হবে। শক্তিশালী গণমাধ্যমই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে। সেই ভুলগুলো চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করাই গণমাধ্যমের দায়িত্ব। তবে দায়িত্বশীল সাংবাদিকতা করতে গিয়ে অনেক সময় সাংবাদিকরা হামলা, মামলা ও হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের ইতিবাচক কর্মকাণ্ড যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু প্রশাসনিক অবকাঠামো গড়ে তুললেই হবে না; নতুন উপজেলাগুলোর কার্যকর পরিচালনার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য