রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো সাংবাদিকদের দায়িত্ব: মির্জা ফখরুল
রাজনীতিবিদদের ভুল-ত্রুটি চিহ্নিত করে সঠিক পথ দেখানো এবং জনগণের কাছে সত্য তুলে ধরা গণমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিকদের সবসময় সত্যের পক্ষে থাকতে হবে এবং সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস রাখতে হবে। কারণ, যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী হয়।
শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা কখনোই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে। আর সেই ভুলগুলো তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করা গণমাধ্যমের দায়িত্ব। তবে দুঃখজনক বিষয় হলো, অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা, হুমকি ও হয়রানির শিকার হন, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা জনকল্যাণমূলক কাজ করবেন, তাদের ইতিবাচক কর্মকাণ্ড যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়েছে এবং এ-সংক্রান্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তবে শুধু নতুন অবকাঠামো নির্মাণ করলেই হবে না, উপজেলা পরিচালনায় সংশ্লিষ্ট জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পান।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।