ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। প্রতিনিধিদলের সদস্য হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শুক্রবার (৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় প্রতিনিধিদলটি ইরানের রাজধানী তেহরানে পৌঁছায়।
বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক প্রতিনিধিরা তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সমবেত হয়েছেন। সেখানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারসহ ১০ সদস্যের প্রতিনিধিদলও সেখানে উপস্থিত রয়েছে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত নাসীরুদ্দীন পাটওয়ারীর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী শনিবার আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ শেষে বাংলাদেশি প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে। পরে আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।ী