রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং তাদের নিজ দেশ মায়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ এলাকায় বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং মানবিক সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। তিনি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
শামা ওবায়েদ ইসলাম সংঘাত প্রতিরোধে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি সংকট মোকাবিলা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।
বক্তব্যে তিনি নারী ও কিশোরীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের ক্রমবর্ধমান প্রবণতার বিষয়টিও তুলে ধরেন। এ ধরনের বৈশ্বিক হুমকি মোকাবিলায় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে অর্থায়ন সংকটের কারণে নারী ও কিশোরীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অর্থায়নের ঘাটতি মানবিক সহায়তা কার্যক্রমকে দুর্বল করছে এবং রোহিঙ্গাদের জীবনযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সহযোগিতা অব্যাহত রাখতে হবে এবং দ্রুততম সময়ে রোহিঙ্গাদের নিজ দেশ মায়ানমার-এ প্রত্যাবর্তনের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে।
এদিকে অনুষ্ঠানের ফাঁকে প্রতিমন্ত্রী ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী ড. নগুয়েন মিন ভু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও ভিয়েতনাম-এর পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন