বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) আনুমানিক দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডলের নেতৃত্বে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় হাসপাতাল চত্বরে দালালি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের ধরা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— রীনা খানম (৩০ দিন), তাসলিমা আক্তার (৩০ দিন) এবং নাসরিন (৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র সাধারণ রোগীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে হয়রানি করে আসছিল। অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী আনিস বলেন, “দালালদের কারণে আমরা অনেক সময় হয়রানির শিকার হই। প্রশাসনের এই অভিযান খুবই প্রয়োজন ছিল।”
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মণ্ডল বলেন, “সরকারি হাসপাতালে দালালচক্রের কোনো স্থান নেই। রোগীদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের অসাধু কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন