সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের আওতাধীন এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা এবং দেশি ও বিদেশি মদ উদ্ধার করে।
অভিযানে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ৪টি ইয়াবা সেবনের পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক যাচাইয়ে জানা গেছে, আটককৃতদের একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। পরবর্তীতে আটককৃত দুইজনকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।