নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনারুল হক কাজল।
তিনি বলেন, বেলাল উদ্দিন প্রধানকে সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করার সময় তাকে হেনস্তা করা হয়। পরে প্রশাসনের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সৈয়দপুর প্রশাসন তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করে।
বেলাল উদ্দিন প্রধানের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে কে এম আনারুল হক কাজল জানান, তিনি বর্তমানে ঘুমের মধ্যে রয়েছেন এবং তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং আগামীকাল রিপোর্ট পাওয়া যাবে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি আরও বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।
সংবাদ সম্মেলনে রংপুর মহানগর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কে এম আনারুল হক কাজল দাবি করেন, সারাদেশে জামায়াতের প্রতি যে গণসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে, তাৎক্ষণিকভাবে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী মিথ্যা অপবাদ ও প্রচারণা চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বেলাল উদ্দিন প্রধানের বিরুদ্ধে কোনো মামলা নেই। তার নিরাপত্তার জন্য হাসপাতালে সার্বক্ষণিক মেডিকেল পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি একজন সম্মানিত জেলা আমির হওয়ায় কোনো তৃতীয় পক্ষ যেন তার কোনো ক্ষতি করতে না পারে, সে জন্যই পুলিশি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
মন্তব্য করুন