ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে আহত বৃদ্ধ মা রাবিয়া বেগম (৬০) ও ছেলে মোঃ ইয়াছিন (২৭। এ ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত যুবক মোঃ ইয়াছিন।
মঙ্গলবার দুপুরে আহত যুবক মোঃ ইয়াছিন ও তার পিতা শামসুল হক হাওলাদার অভিযোগ করে জানান, গালুয়া দুর্গাপুর গ্রামের বসতবাড়ির উঠানে একটি শালিস বৈঠকের আয়োজন করা হয়। মোঃ ইয়াছিন ও তার চাচাসহ আত্মীয়দের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শালিসে জমি বন্টনের বিষয়ে আলোচনা চলাকালীন সময়ে বিবাদীরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে শালিস অমান্য করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মারামারির ঘটনা ঘচে। এ সময় প্রতিপক্ষ মজিবুর রহমান ধারালো দা দিয়ে ইয়াছিনের মাথায় কোপ মারার চেষ্টা করে। ইয়াছিন ডান হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে তার কনুইয়ের নিচে গভীর জখম হয়। তিনি মাটিতে পড়ে গেলে অন্য বিবাদীরা লাঠিসোটা ও কিলঘুষি মেরে গুরুতরভাবে আহত করে। চিৎকার শুনে ইয়াছিনের মা রাবিয়া বেগম (৬০) ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। স্থানীয় লোকজন ছুটে এলে প্রতিপক্ষ মজিবুর, মাহাবুব, কাওছার ও রুমা দা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র উঁচিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে ইয়াছিন ও তার মাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অভিযোগের বিষয়ে মজিবুর ও রুমা বেগম জানান, তাদের ঘরের জানালা ভাঙচুর ও তাদেরকে মারধর করা হয়েছে। এতে মাহাবুব আহত হন। ইয়াসিনকে তারা মারেনি বলেও দাবি করা হয়।
রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা জানিয়েছেন, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধর ও উত্তেজনা বিরাজ করছে।
মন্তব্য করুন