পটুয়াখালী প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলার চারটি বিদ্যালয়ের কেউই পাস করতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। ফলে এসব বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে শতভাগ শূন্য।
বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল, মির্জাগঞ্জের কিসমতপুর গার্লস স্কুল, দশমিনার পূর্ব আলীপুর হাই স্কুল এবং দুমকির জলিশা গার্লস স্কুল—এই চার প্রতিষ্ঠান থেকেই কেউ উত্তীর্ণ হয়নি।
মোট পরীক্ষার্থী:
মিয়াবাড়ি মডেল হাই স্কুল: ১ জন
কিসমতপুর গার্লস স্কুল: ২ জন
পূর্ব আলীপুর হাই স্কুল: ৮ জন
জলিশা গার্লস স্কুল: ১ জন
জেলার গড় পাসের হার ৫৫.৭২ শতাংশ হলেও এই চার প্রতিষ্ঠানের করুণ ফলাফল শিক্ষা মান নিয়ে প্রশ্ন তুলেছে।
ফল প্রকাশের পর প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অধিকাংশের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
এমপিওভুক্ত প্রতিষ্ঠান হয়েও এমন ফলাফলের জন্য শিক্ষক ও প্রশাসনের দায়িত্বহীনতাকে দায়ী করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। শিক্ষা অফিস জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, “বোর্ড থেকে নির্দেশনা পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”
মন্তব্য করুন