যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা ডাকবাংলো মোড় সংলগ্ন স্থানে দোয়া-মোনাজাতের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত যশোর–২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের আগে তিনি ঝিকরগাছা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদ বলেন, “আমরা জনগণের সেবক হতে চাই। যে দলই নির্বাচনে জয়ী হোক না কেন, সকল দল-মত-ধর্মের ভেদাভেদ ভুলে সমাজের শান্তি ও উন্নয়নের জন্য কাজ করতে চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো. আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক, পৌর আমীর অধ্যাপক আব্দুল হামিদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম ও সেক্রেটারি অধ্যাপক আলমগীর কবিরসহ বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও অন্যান্য নেতা-কর্মী।
শেষে দোয়া-মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
মন্তব্য করুন