দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণের ঘোষণার পর তা নিয়ে সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে তেলের দাম বাড়ানোর ঘোষণা অত্যন্ত দুঃখজনক।
শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের ওপর নতুন করে চাপ তৈরি করবে।
জামায়াত আমিরের মতে, দেশের মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় নির্বাহে চরমভাবে হিমশিম খাচ্ছে। এই অবস্থায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনজীবনে আরও বড় সংকট তৈরি করবে এবং এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা।
উল্লেখ্য, সরকার জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে, যার ফলে ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য নির্ধারণ করা হয়েছে।
তবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের মতে, বর্তমান বাজার পরিস্থিতিতে এ ধরনের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য অত্যন্ত হতাশাজনক সিদ্ধান্ত।