টানা পাঁচ বছরের আইনি লড়াই, দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের তিক্ততা শেষ পর্যন্ত হার মানল ভালোবাসার কাছে। ভারতের রাজধানী দিল্লির একটি পারিবারিক আদালতে ঘটে গেল এক আবেগঘন ঘটনা। বিচারকের সামনেই তালাকের নথিপত্র ছিঁড়ে ফেলে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী। মুহূর্তেই আদালতের পরিবেশ আবেগে ভরে ওঠে।
২০২০ সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল শিখা ও সৌরভের। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য জীবনে শুরু হয় নানা সমস্যা। ছোটখাটো মনোমালিন্য ধীরে ধীরে বড় ধরনের বিরোধে রূপ নেয়। একপর্যায়ে সম্পর্ক এমন অবস্থায় পৌঁছায় যে দুজনই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আদালতে ডিভোর্স মামলা করেন।
এরপর কেটে যায় দীর্ঘ পাঁচ বছর। একের পর এক শুনানি, আইনজীবীদের যুক্তি-তর্ক এবং আদালতের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে উভয় পরিবার। বিশেষ করে মেয়ের ভবিষ্যৎ ও মামলার খরচ সামলাতে গিয়ে শিখার বাবা তার জীবনের সঞ্চয়ের বড় একটি অংশ ব্যয় করেন। দীর্ঘ এই আইনি লড়াই পরিবারটির ওপর আর্থিক ও মানসিকভাবে ব্যাপক চাপ সৃষ্টি করে।
তবে সাম্প্রতিক এক শুনানিতে ঘটনার মোড় ঘুরে যায়। আদালতে উপস্থিত হয়ে শিখা হঠাৎ করেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে ফেলেন এবং সৌরভকে জড়িয়ে ধরেন। এ সময় উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিচারকসহ আদালতের কর্মকর্তারাও এই অপ্রত্যাশিত পুনর্মিলনের সাক্ষী হন।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ভালোবাসা, ক্ষমা এবং সম্পর্ককে নতুন করে সুযোগ দেওয়ার এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।